রেশন গ্রাহকরা বিভিন্ন শ্রেণীর হওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছে

3rd April 2020 পশ্চিমবঙ্গ
রেশন গ্রাহকরা বিভিন্ন শ্রেণীর হওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছে


কলকাতাঃ রেশনের মাধ্যমে গ্ৰাহকদের দেওয়া খাদ্যসামগ্ৰী দেওয়ার ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। এই পার্থক্য নিয়েই মূলত রেশন দোকানে কিছু গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এনিয়ে কোথাও কোথাও অশান্তি হয়েছে। খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন শ্রেণীর গ্রাহক কী পাবেন তা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। পিএইচএইচ, এসপিএইচএইচ শ্রেণীর গ্রাহকরা বিনা পয়সায় মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল-গম পাবেন। এএওয়াই গ্রাহকদের ক্ষেত্রে পরিবারপিছু মাসে বিনামূল্যে বরাদ্দ ৩৫ কেজি খাদ্য।  রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্প এক নম্বর (আরকেএস ওয়াই ১)-এর  গ্রাহকরাও মাসে মাথাপিছু ৫ কেজি করে খাদ্য বিনা পয়সায় পাবেন।
কিন্তু, দুই নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের (আর কে এস ওয়াই ২) গ্রাহকদের খাদ্যশস্য কিনতে হবে। এই শ্রেণীর গ্রাহকরা মাথাপিছু মাসে এক কেজি করে চাল ১৩ টাকায় ও এক কেজি করে গম ৯ টাকা দরে পাবেন। বিনা পয়সায় খাদ্য পাওয়া রেশন গ্রাহকের সংখ্যা এখন প্রায় আট কোটির কাছাকাছি। সেখানে আর কে এস ওয়াই ২ প্রকল্পের গ্রাহক সংখ্যা দেড় কোটির কাছাকাছি। খাদ্য দপ্তর ও রেশন ডিলারদের সূত্রে জানা গিয়েছে, আর কে এস ওয়াই দুই কার্ড থাকা অনেক গ্রাহক দোকানে গিয়ে বিনা পয়সায় চাল-গমের দাবি করছেন।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck