পড়ুয়াদের অভিনব অ্যাক্টিভিটি টাস্ক দিল স্কুলশিক্ষা দপ্তর

7th April 2020 পশ্চিমবঙ্গ
পড়ুয়াদের অভিনব অ্যাক্টিভিটি টাস্ক দিল স্কুলশিক্ষা দপ্তর


কলকাতা: বাড়িতে বসেই পড়াশোনা। সোমবার বাংলার শিক্ষা পোর্টালে স্কুলের ছাত্রছাত্রীদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দিল শিক্ষা দপ্তর। এই সরকারি পোর্টাল থেকে সেই টাস্ক ডাউনলোড করতে পারবেন অভিভাবকরা। লকডাউনের পর স্কুল খুললে সেই টাস্ক জমা দিতে হবে স্কুলে। আগে গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে স্কুল যেভাবে হোম টাস্ক দিয়ে দিত, এটা অনেকটা সেরকমই। তবে পরিস্থিতির কথা বিচার করে এর বহর অনেকটাই কম রাখা হয়েছে।
এই হোম টাস্কে বেশ কিছুটা অভিনবত্ব রয়েছে। ধরা যাক, অষ্টম শ্রেণীর ইতিহাসের টাস্ক। সেখানে একটি শব্দছক করতে দেওয়া হয়েছে। তাতে সর্বধর্ম সমন্বয়ের বিষয়টি রাখা হয়েছে। বিভিন্ন কারণে দেশে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে, সেখানে ধর্মীয় প্রেক্ষাপটে শিক্ষা এবং সাহিত্য-সংস্কৃতি চর্চার ইতিহাস উঠে এসেছে। শব্দছকটি করতে গেলে জানতে হবে বেনারস সংস্কৃত কলেজ, হিন্দু কলেজ, কলকাতায় প্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম এবং অন্যান্য তথ্যাবলী। আবার ১৮০০ সালে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থার নাম জানতে চাওয়া হয়েছে। সেটি হল ফাদার উইলিয়াম কেরি, ফাদার উইলিয়াম ওয়ার্ড প্রতিষ্ঠিত শ্রীরামপুর মিশন প্রেস। খ্রিষ্টীয় মিশনারিদের প্রতিষ্ঠিত এই প্রেসটি শুধু বাংলার মুদ্রণ শিল্পেই নয়, শিক্ষা-সংস্কৃতি প্রসারেও অনন্য ভূমিকা রেখেছিল।
গণিতে মোটামুটি পাঁচটি প্রশ্ন, বাংলা এবং ইংরেজি বিষয়ে গড়ে আট থেকে দশটি প্রশ্ন রয়েছে। পরিবেশ এবং বিজ্ঞানেও রোগ, কোষের গঠন ইত্যাদি প্রশ্ন রাখা হয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্কে না থাকলেও কোভিভ-১৯ ভাইরাসের উৎপত্তি, রোগ ছড়িয়ে অতিমারির সৃষ্টি হওয়া এবং তার প্রভাব নিয়ে ছাত্রছাত্রীদের প্রবন্ধ রচনার পরামর্শ দিচ্ছেন গৃহশিক্ষকরা। বার্ষিক পরীক্ষা বা মাধ্যমিকে এই প্রশ্ন ‘কমন’ পড়ে যাবে বলে আশা করছেন অভিভাবকরাও। ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরর রাজ্য কমিটির নেতা তথা কোচবিহার জেলার সভাপতি অমিতাভ করের কথায়, আমার বিষয় ইংরেজি। প্যারাগ্রাফ বা এসে হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। জ্বলন্ত ইস্যু হিসেবে এটা লেখার অভ্যাস করতে পরামর্শ দিচ্ছি ছাত্রছাত্রীদের। লকডাউনের জেরে গৃহশিক্ষকরা ব্যাপক সমস্যায় পড়েছেন বলে জানান অমিতাভবাবু। তিনি বলেন, অনেক অভিভাবকের জীবিকা এই লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা গৃহশিক্ষকদের বেতন দিতে পারছেন না। আবার কেউ কেউ আর্থিক সঙ্গতি থাকলেও এই অজুহাতে বেতন দিচ্ছেন না। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে আমরা চিঠি পাঠাচ্ছি। অন্তত কয়েক হাজার টাকা করে ভাতা দেওয়া গেলে গৃহশিক্ষকদের পরিবারগুলি বেঁচে যাবে। আমরা সংগঠনগত ভাবেও চাঁদা তুলছি। প্রতিটি জেলায় তা সমপরিমাণে বণ্টন করা হবে। রাজ্যে অন্তত পাঁচ লক্ষ গৃহশিক্ষক আছেন বলে জানান অমিতাভবাবু।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck