বাংলা নিউজঃ রাজ্যের বিভিন্ন জায়গায় অজানা জ্বরের সঙ্গে বাড়ছে স্ক্রাব টাইফাসের দাপট । পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাতেও এর দাপট অব্যাহত । বিশেষ করে জেলার শালবনি, ভাদুতলা, গড়বেতা 1 ,2 ও 3 নম্বর ব্লক এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি । মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মুহূর্তে ভরতি রয়েছে প্রায় 400 জনের বেশি ৷ প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তিন-চারজন স্ক্রাব টাইফাসে আক্রান্ত রোগী ভরতি হচ্ছেন হাসপাতালে । ইতিমধ্যেই রাজ্যের নির্দেশিকা মতো জেলাস্তরে এর মোকাবিলা করার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে । এলাকায় এলাকায় ক্যাম্প করা হচ্ছে ৷ সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে ৷ পাশাপাশি চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা ৷ একদিকে ডেঙ্গি, অজানা জ্বর অন্যদিকে স্ক্রাব টাইফাস এই ত্রিমুখী আক্রমণে প্রায় নাজেহাল জেলাবাসী ।
জেলা স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানান, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা 400 জনের বেশি ৷ যদিও তাঁর দাবি সঠিক সময় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে তাই এখনও পর্যন্ত জেলায় কেউ মারা যায়নি ৷