রাজ্যে কতদিন চলবে ঝড়- বৃষ্টি , জেনে নেন

22nd April 2020 পশ্চিমবঙ্গ
রাজ্যে কতদিন চলবে ঝড়- বৃষ্টি , জেনে নেন


কলকাতা: উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই বৃষ্টি। তাই জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি যেমন চলবে, সঙ্গে থাকবে দমকা ও ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, উত্তরপ্রদেশের পূর্বভাগ ও বিহার এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত আছে। তার জেরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যার বিস্তার এই রাজ্য পর্যন্ত। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উঠে আসছে রাজ্যের স্থলভাগে। ২৪ এপ্রিল পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারও কালবৈশাখী হয় কলকাতা সহ কয়েকটি জেলার বিভিন্ন জায়গায়। মঙ্গলবারও তা অব্যাহত ছিল। আজ ও আগামীকালও উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় পরিস্থিতি এমনই থাকবে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তা ছ’ডিগ্রি কম। বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রাও অন্য দিনের তুলনায় কিছুটা নেমেছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck