খাবারের দাবিতে রণক্ষেত্র বাদুড়িয়া

23rd April 2020 পশ্চিমবঙ্গ
খাবারের দাবিতে রণক্ষেত্র বাদুড়িয়া


বারাসত: রিলিফের চাল বিলিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে রণক্ষেত্রের চেহারা নিল বাদুড়িয়া পুরসভার দাসপাড়া এলাকা। উত্তেজিত এলাকাবাসীর ছোঁড়া ইটের আঘাতে বাদুড়িয়া থানার ওসি সহ মোট চার পুলিস কর্মী জখম হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিসও বেধড়ক লাঠি চালায় বলে অভিযোগ। পুলিসকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২১ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বসিরহাটের পুলিস সুপার কঙ্করপ্রসাদ বারুই বলেন, বাদুড়িয়ার রেশনের চাল  বিলি নিয়ে সমস্যা হয়নি। বিক্ষোভে অংশ নেওয়া মানুষ পুলিসের কোনও কথা না শুনে হামলা চালায়। এই ঘটনায় বাদুড়িয়া থানার ওসি সহ চার জন অল্প বিস্তর জখম হয়েছেন। মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাঠি চালানোর অভিযোগ সঠিক নয়। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় ৬০টির বেশি দরিদ্র পরিবারের বাস। এদিন রেশনের চাল ও গম মিললেও স্থানীয় কাউন্সিলারের জিআরের চাল ও ডাল বিলিকে কেন্দ্র করে ক্ষোভ চরমে ওঠে দাসপাড়ার বাসিন্দাদের মধ্যে। কাউন্সিলার রাজনৈতিক রং দেখে ওই ত্রাণ সামগ্রী বিলি করছিলেন বলে অভিযোগ জানিয়ে এদিন সকালে দাসপাড়ার বাসিন্দারা বাড়ির সামনের বাদুড়িয়া-মছলন্দপুর রাস্তা অবরোধ করেন। সকাল সাড়ে ৮টা থেকে অবরোধের জেরে যানজট শুরু হয়। খবর পেয়ে বাদুড়িয়া থানার ওসির নেতৃত্বে বড় পুলিস বাহিনী এসে অবরোধ তোলার চেষ্টা করেন। এলাকাবাসী অবরোধ তোলার দাবিতে অনড় হওয়ায় আচমকাই পুলিস লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ। এরপর উত্তেজিত দাসপাড়ার মহিলা ও পুরুষরা একজোট হয়ে পুলিসকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। কয়েক জন পুলিসকে লাঠিপেটাও করা হয়। এরপর মাটিয়া, বসিরহাট সহ আশপাশের থানা থেকে মহকুমা পুলিস আধিকারিকের নেতৃত্বে বড় পুলিস বাহিনী এসে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। এমনকী বিক্ষোভকারীদের বাড়িতে ঢুকেও পুলিস অত্যাচার চালায় বলে অভিযোগ বাসিন্দাদের। নাম প্রকাশে অনিচ্ছুক দাসপাড়ার বাসিন্দারা বলেন, ত্রাণের চাল নিয়ে দলবাজি করা হচ্ছে। তৃণমূল সমর্থক বলে পরিচিতদের চাল ও ডাল দেওয়া হচ্ছে। কাউন্সিলার অরিত্র ঘোষ বলেন, বিজেপি চক্রান্ত করে এদিন ঝামেলা পাকিয়েছে। অভিযোগ অস্বীকার করে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck