কেউ অভুক্ত থাকলে খাদ্যসামগ্রী পেতে পার্টি অফিসে আসুন - অনুব্রত

24th April 2020 পশ্চিমবঙ্গ
কেউ অভুক্ত থাকলে খাদ্যসামগ্রী পেতে পার্টি অফিসে আসুন -  অনুব্রত


করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউনের ফলে খাদ্যাভাবে পড়েছেন প্রচুর মানুষ। তাঁদের জন্য ব্লকে ব্লকে খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারপরও যদি কেউ অভুক্ত থাকেন তাহলে তাঁদের সরাসরি বোলপুর তৃণমূল কার্যালয়ে আসার আহ্বান জানালেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বোলপুর থেকে ত্রাণ বিলির দ্বিতীয় পর্যায়ে ট্রাকগুলিকে রওনা করার পর একথা জানান তিনি।
দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। লকডাউনের জেরে সমস্ত কিছু বন্ধ থাকায় সমাজের দুঃস্থ শ্রেণীর মানুষের খাদ্যাভাব দেখা দিয়েছে। তাই বীরভূম জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভার প্রত্যেক ব্লকে খাদ্যসামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেজন্য ইতিমধ্যেই ৩৫ হাজার বস্তা চাল ও ৭২ টন ডাল জোগাড় করা হয়েছে। গত মঙ্গলবার বীরভূমের এক অংশে এই খাদ্যসামগ্রী রওনা হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ে লাভপুর, নানুর, ইলামবাজার ও পার্শ্ববর্তী জেলার তিনটি বিধানসভা এলাকায় এই ত্রাণসামগ্রী রওনা দেয়। গতদিনের মতো এদিনও ত্রাণসামগ্রী ভর্তি ট্রাকগুলিকে সবুজ পতাকা নেড়ে গন্তব্যে রওনা করেন অনুব্রত মণ্ডল। এদিন তাঁর সঙ্গে ছিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। অনুব্রতবাবু আগেই জানিয়েছিলেন, আগামীতে লকডাউন বৃদ্ধি পেলে ফের একইভাবে সাধারণ মানুষের জন্য খাদ্যসামগ্রীর ব্যবস্থা করবে তৃণমূল। বৃহস্পতিবার সভামঞ্চ থেকে অনুব্রতবাবু বলেন, লকডাউন যদি বৃদ্ধি পায় তাহলে তা মানবেন। কোনও অসুবিধা হলে জানাবেন, বোলপুর তৃণমূল কার্যালয়ে যাবেন। ৫০০ বা ১০০০ লোক যান, কোনও অসুবিধা হবে না। আমি আবার খাদ্যের ব্যবস্থা করব। পাশাপাশি তিনি জানান, প্রত্যেক শহর এলাকায় ১০০০ বস্তা করে চাল দেওয়া হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন জায়গায় রেশনে অনিয়মের বিষয়ে তিনি বলেন, কোনও রেশন ডিলার দুর্নীতি করলে তাঁকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই দু’জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck