TARIF TV: সোমবার মধ্যরাতে লোকসভায় পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। রাত তখন ১২টা বেজে গিয়েছে। আজ লোকসভায় আলোচনা ও ভোটাভুটিতে সংযুক্ত জনতা দল, বিজু জনতা দল, শিবসেনা, এআইডিএমকে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ইত্যাদি এনডিএর বাইরে থাকা দলগুলিও নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করেছে। সুতরাং বার্তা স্পষ্ট, এই দলগুলির সমর্থন পেয়ে রাজ্যসভায় বিল অনুমোদনের পক্ষে সংখ্যা জোগাড় করে নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আজ ওই বিল নিয়ে নিজের বক্তব্য শেষ করার সময়েই শাহ জানিয়ে দেন, খুব দ্রুত গোটা দেশে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) আনা হবে।
পক্ষে ভোট দেয় - বিজেপি, অকালি, শিবসেনা, বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, জেডি-ইউ
বিপক্ষে ভোট দেয় - কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এনসিপি, সিপিএম, সিপিআই, মুসলিম লিগ, এমআইএম, তেলঙ্গানা রাষ্ট্র সমিতি ।
নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি সম্প্রদায়ের তাবৎ ধর্মের বেআইনি অনুপ্রবেশকারীদের কাছে বৈধ কোনও নথি না থাকলেও, প্রত্যেককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ দেওয়া হবে না শুধুমাত্র মুসলিমদের।আজ সাত ঘণ্টার বিল নিয়ে আলোচনার শেষে যখন ভোটাভুটি হয় তখন ঘড়ির কাঁটা মাঝরাত পেরিয়ে গিয়েছে। বিরোধীরা যখন বলছেন, এক মধ্যরাতে স্বাধীনতা পেয়েছিল ভারত। আর এক মধ্যরাতে তা হারাল। লোকসভায় সিএবি পাশের পরে সমস্ত বিরোধী দল ও শাহকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। সরকারি সূত্রে খবর, আগামী বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশ করবে সরকার।