নিউজ ডেস্কঃ কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে প্রাক বড়দিনের এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, এখন আমরা বিভাজন করো, শাসন করো এরকম একটা অবস্থার সম্মুখীন হয়েছি। সংবিধান সবাইকে সমানভাবে দেখার কথা বলেছে। মমতার কথায়, সেটা ভাঙার চেষ্টা চলছে। এই দেশটা আমাদের সবার ঘর। দেশকে ধ্বংস করতে চাইছে, এমন কোনও অশুভ শক্তির কাছে মাথা নত করা যাবে না।
মমতা নিজেও ঝাড়খণ্ডের ফলাফল নিয়ে উচ্ছ্বসিত। এদিন ভোট গণনার পর রাঁচির গদি থেকে গেরুয়া শিবির সাফ হওয়ার ইঙ্গিত স্পষ্ট হওয়া মাত্রই ট্যুইট করেন তৃণমূল সুপ্রিমো। সে রাজ্যে বিজেপি নিধনের কারিগর জেএমএম-এর হেমন্ত সোরেন, কংগ্রেস এবং আরজেডিকে অভিনন্দন জানান তিনি। শুভেচ্ছা জানান ঝাড়খণ্ডবাসীদের। মমতা লিখেছেন, সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন পর্বে হয়েছে এই ভোট। সিএএ এবং এনআরসি’র বিরুদ্ধে রায় দিয়েছেন মানুষ। এদিকে, আজ মঙ্গলবারও এই দুই ইস্যুতে মিছিল করবেন মমতা। বিধান সরণীর বিবেকানন্দ মূর্তি থেকে বেলেঘাটার গান্ধী আশ্রম পর্যন্ত হাঁটবেন তিনি।