কলকাতা: আজ, বুধবার থেকে রাজ্যের মধ্যে দূরপাল্লার সরকারি বাস চলাচল শুরু হচ্ছে। পরিবহণ দপ্তর জানিয়েছে, লকডাউনের আগের তুলনায় অনেক কম রুট দিয়েই পরিষেবার সূচনা হচ্ছে। কারণ, প্রতিটি বাসেই সামাজিক দূরত্ববিধি মেনে পরিষেবা দেওয়া হবে। নিয়মিত জীবাণুমুক্ত করা হবে বাস। চালক ও কন্ডাক্টররা সুরক্ষাবিধি মেনে চলবেন। তবে কোনওভাবেই কন্টেইনমেন্ট জোনে বাস ঢুকবে না। আগামী দিনে যাত্রী-সংখ্যা বিচার করে পর্যায়ক্রমে রুটের সংখ্যা আরও বাড়ানো হবে।
এসবিএসটিসি সূত্রের খবর, লকডাউনের আগে পর্যন্ত তারা রোজ ৩৫৭টি রুটে বাস চালাত। বাস চলত কমবেশি ৭৩০টি। আজ থেকে ৮৩টি রুটে বাস চালানো হবে। এই রুটগুলির মধ্যে রয়েছে কলকাতা থেকে সিউড়ি, আসানসোল, দীঘা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান সহ নানা গন্তব্য। একগুচ্ছ করে রুট রয়েছে দুর্গাপুর, আসানসোল সহ অন্যান্য জায়গা থেকেও।
এনবিএসটিসি সূত্রের খবর, লকডাউনের আগে পর্যন্ত তারা ২০০টি রুটে প্রায় ৬০০ করে বাস চালাত প্রতিদিন। আজ থেকে তারা ১০০-র কিছু বেশি রুটে বাস চালাবে। উল্লেখযোগ্য কয়েকটি রুট হল, শিলিগুড়ি থেকে কলকাতা, মালদহ থেকে কলকাতা, বহরমপুর থেকে কলকাতা, বালুরঘাট থেকে কলকাতা, কোচবিহার থেকে দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, আলিপুরদুয়ার। নিগমের এক কর্তা বলেন, বর্তমানে ট্রেনে যেসব শ্রমিক ফিরছেন, তাঁদের জন্য কিছু বাস ব্যবহার হচ্ছে। এই দুই দিকের ভারসাম্য রেখেই আগামী দিনে চলতে হবে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রের খবর, আজ থেকে শহর ও শহরতলিতেও রুটের সংখ্যা বাড়ছে। এতদিন ১৫টি রুটে বাস চলছিল। আজ থেকে মোট ৪০টি রুটে বাস চালানো হবে। এর মধ্যে রয়েছে টালিগঞ্জ-মধ্যমগ্রাম, বিবাদী বাগ-মন্দিরতলা, ঘোলা-হাওড়া, বারাকপুর-হাওড়া, পার্ক সার্কাস-ডানকুনি, রাজাবাজার-নবান্ন, বারাসত-জোকা, টালিগঞ্জ করুণাময়ী-নিউটাউন, উল্টোডাঙা- সাপুরজি, হাওড়া স্টেশন-বালিগঞ্জ, হাওড়া-যাদবপুর, পর্ণশ্রী-নিউ টাউন, গড়িয়া-হাওড়া, ডানলপ-হাওড়া, বাগবাজার-গড়িয়া, বারাকপুর-করুণাময়ী প্রভৃতি।