নিউজ ডেস্কঃ নতুন বছর রাজ্য সরকারি কর্মীদের কাছে সুখবর নিয়ে এল। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ রাজ্য সরকার কার্যকর করায় বছরের প্রথম মাস থেকেই সরকারি কর্মীদের বেতন একলাফে অনেকটা বেড়ে যাবে। সরকারি কর্মীদের হাতে বর্ধিত হারে নতুন বেতন পৌঁছবে জানুয়ারির শেষে। রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের হিসেব অনুযায়ী, বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার ফলে সর্বনিম্ন স্তরে অর্থাৎ গ্রুপ-ডি কর্মীদের বেতনও মাসে অন্তত তিন হাজার টাকার কিছু বেশি বাড়বে। গ্রুপ-সি কর্মীদের ক্ষেত্রে মাসে বৃদ্ধি পাবে চার হাজার টাকার বেশি। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন ও ফ্যামিলি পেনশনও এর ফলে বাড়বে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে স্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হবে। সরকারের পুরো আর্থিক সহায়তা পায়, এমন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থার স্থায়ী কর্মীরাও বেতন কমিশনের সুফল পান। শিক্ষা প্রতিষ্ঠান ও পঞ্চায়েত কর্মীদের নতুন বেতন হার সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে।
বর্ধিত হারে বেতন দিতে রাজ্য সরকারের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ হবে। চলতি ২০১৯-’২০ আর্থিক বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন খাতে বর্ধিত খরচ বহন করতে হবে চলতি বাজেট বরাদ্দ থেকে। কারণ প্রথা অনুযায়ী, সরকারি কর্মীদের মার্চ মাসের বেতন পরের আর্থিক বছরের এপ্রিল মাসের বরাদ্দ থেকে দেওয়া হয়। মাস খানেকের মধ্যে অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্য বিধানসভায় যে বাজেট পেশ করবেন, তাতে সরকারি কর্মীদের বেতন ও পেনশন খাতে তাঁকে বাড়তি বরাদ্দের সংস্থান রাখতে হবে।
রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন হার নির্ধারণের জন্য ২০১৫ সালের নভেম্বর মাসে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়। বেশ কয়েক দফায় সময়সীমা বৃদ্ধি পাওয়ার পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে বেতন কমিশনের প্রথম পর্যায়ের সুপারিশ সরকারের কাছে জমা পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৩ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মী সংগঠনের এক সভায় ঘোষণা করেন, বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি মাস থেকে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হবে। এই ঘোষণার ১২ দিনের মধ্যে ২৪ সেপ্টেম্বর অর্থ দপ্তর নতুন হারে বেতন বৃদ্ধি সংক্রান্ত ‘রোপা’ ২০১৯-এর বিজ্ঞপ্তি জারি করে। এই অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের যে মূল বেতন ছিল তার থেকে ২.৫৭ গুণ বেতন বাড়বে। যেহেতু ২০১৬ সালের জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ চালু হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে, তাই পরবর্তী সময়ে বছরে তিন শতাংশ হারে যে বেতন বৃদ্ধি হয়েছে, সেটিও এখনকার মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। ফলে বাস্তবে এখনকার মূল বেতনের থেকে ২.৫৭ গুণের কিছুটা বেশি বাড়বে।
তবে জানুয়ারি মাস থেকে সরকারি কর্মীদের বেতনের সঙ্গে কোনও মহার্ঘ ভাতা (ডিএ) যুক্ত হবে না। অধিকাংশ কর্মীর ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে ১২ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা ও পাঁচশো টাকা চিকিৎসা ভাতা যুক্ত হবে।