‘দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত - বললেন অনুব্রত

13th January 2020 পশ্চিমবঙ্গ
‘দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত -  বললেন  অনুব্রত


নিউজ ডেস্কঃ  বীরভূমের লাভপুরে একটি দলীয় সভা ছিল তৃণমূলের। সেই সভাতেই উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি  অনুব্রত মণ্ডল । ওই সভা শেষে CAA বিরোধীদের দিলীপ ঘোষের গুলি করে মারার বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। দিলীপ ঘোষকে পালটা দিতে গিয়ে তিনি বলেন, “যদি কেউ সরকারি সম্পত্তি নষ্ট করে তবে তা দিলীপ ঘোষ করেছেন। তাই কেন্দ্র সরকারের দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত।” বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আগেও নানা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন। এবার সেই তালিকাতেই যোগ হল দিলীপ ঘোষের গুলি করে মারার মন্তব্যের পালটা হুঁশিয়ারি। বীরভূম জেলা তৃণমূল সভাপতির মন্তব্যের জেরে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। জেলা তৃণমূল সভাপতির মন্তব্যের জেরে যথেষ্ট অস্বস্তিতে ঘাসফুল শিবির।

উল্লেখ্য, নদিয়ার রানাঘাটের সভা থেকে CAA বিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে রবিবার দিলীপ ঘোষ বলেন, ‘এই রাজ্যে একটাও গুলি চলেনি, লাঠি চলেনি, এফআইআর হয়নি। কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কিন্তু কেন করেনি? কারও বাপের সম্পত্তি নাকি? মানুষের করের টাকায় রেল-বাস, রেললাইন, রাস্তা করা হয়। সেসব নষ্ট করে দিয়েছে। অসম, উত্তরপ্রদেশ, কর্ণাটকে এই শয়তানদের আমাদের সরকার গুলি করে মেরেছে কুকুরের মতো। তুলে নিয়ে গিয়ে কেস দিয়েছে। ওরা এখানে আসবে, খাবে, আর এখানকার সম্পত্তি নষ্ট করবে? জমিদারি পেয়েছে নাকি? লাঠিও মারব, গুলিও করব, জেলেও পাঠাবো। আর তাই করেছে আমাদের সরকার।’ এই মন্তব্যকে হাতিয়ার করেই সুর চড়িয়েছে বিরোধীরা। দলের অন্দরেও চাপে রয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ করেছেন বলেই তোপ দাগেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এহেন দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়েই বিতর্কে জড়ালেন অনুব্রত মণ্ডল। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck