তৃণমূলে যোগ দিতে আবেদন ৬ লক্ষ যুবক-যুবতীর

22nd August 2020 4:48 pm পশ্চিমবঙ্গ
তৃণমূলে যোগ দিতে আবেদন ৬ লক্ষ যুবক-যুবতীর


কলকাতা: একুশের ভোট-বাদ্যি বাজিয়ে দিলেন প্রশান্ত কিশোর। তাঁর কুশলী চালে বঙ্গে বিজেপি কতটা বেকায়দায় পড়বে, তা সময় বলবে। আপাতত তৃণমূলের বাড়তি ক্ষমতা বৃদ্ধিতে বাজিমাত টিম পিকের। প্রশান্তের ‘আইপ্যাক’ (ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি)-এর তত্ত্বাবধানে রাজনীতিতে আসার আবেদন করেছেন বাংলার একঝাঁক তরুণ মুখ। সংখ্যাটা ছ’লক্ষের কাছাকাছি।
ভার্চুয়াল কোনও মাধ্যম নয়। ‘মিসড কল’ দিয়ে সদস্য সংগ্রহের অভিযানও নয়। দস্তুরমতো সম্পূর্ণ জীবনপঞ্জি দিয়ে ‘জনসেবা’য় নাম লিখিয়েছেন বাংলার তরুণরা। তাঁদের মধ্যে প্রাথমিক পর্যায়ে এক লক্ষ যুবক-যুবতীকে নিয়োগ করার কর্মসূচি নিয়েছে ‘আইপ্যাক’। কাল, রবিবার দমদম, বারুইপুর ও বহরমপুর থেকে শুরু হচ্ছে সেই কর্মসূচি। ধাপে ধাপে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আবেদনকারীদের নিয়োগ করা হবে। এরপর ভোট-কুশলী প্রশান্তের নেতৃত্বে চলবে টানা প্রশিক্ষণ শিবির। সেখান থেকেই গড়ে তোলা হবে তৃণমূলের ‘তরুণ ব্রিগেড’। জেলায় জেলায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে তারাও থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য প্রচারের অন্যতম মুখ। ‘আইপ্যাক’-এর এই উদ্যোগ শুধুমাত্র তৃণমূলের বাড়তি শক্তিবৃদ্ধি করবে না। সংসদীয় রাজনীতির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেও সহায়ক ভূমিকা নেবে বলে মত রাজনৈতিক মহলের।
তৃণমূল নেতৃত্বও সেটাই মনে করছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী কিংবা মুর্শিদাবাদের জেলা সভাপতি আবু তাহের খান সহ একাধিক জেলা নেতৃত্বের কথায়, ‘রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করে বর্তমান প্রজন্মের উপর। তরুণরা যত বেশি রাজনীতিতে আসবেন, তত বেশি শক্তিশালী হবে দেশ। আর তাঁদের কাছে এমন একজন নেতা-নেত্রীকে তুলে ধরতে হবে, যাঁর নীতি-আদর্শকে তাঁরা পাথেয় করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সেই নেত্রী, যাঁর আদর্শের টানে বাংলার নতুন প্রজন্ম তৃণমূলের উপর আস্থা রাখছে।’





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck