সিএএ-এনআরসি নিয়ে মমতার গ্রন্থপ্রকাশ কলকাতা বইমেলায়

22nd January 2020 পশ্চিমবঙ্গ
সিএএ-এনআরসি নিয়ে মমতার গ্রন্থপ্রকাশ কলকাতা বইমেলায়


কলকাতা: রাস্তায় নেমে আন্দোলন করার সঙ্গে সঙ্গে বই লিখে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি কেন মানুষের স্বার্থ বিরোধী সে কথা তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। দেশে সিএএ ও এনআরসি বিরোধীদের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তাই নাগরিকত্ব ইস্যুতে বই লিখছেন। দেশজুড়ে চলা বিতর্কের মাঝে এবারের অর্থাৎ ৪৪-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তা প্রকাশিত হতে চলেছে। ইংরেজি ও বাংলা দু’টি ভাষাতেই সেই বই প্রকাশিত হতে চলেছে বলে কলেজ স্ট্রিটের বইপাড়া সূত্রে জানা গিয়েছে। নাগরিকত্ব নিয়ে কবিতায় ভরা নাগরিক নামে একটি কবিতার বই প্রকাশিত হচ্ছে। তাতে নাগরিকত্ব ইস্যু সংক্রান্ত অনেক কবিতা থাকছে। এছাড়া কেন সিএএ নিয়ে তিনি জোরালো প্রতিবাদ করছেন, সিএএ কেন ঠিক নয়, তা নিয়ে একটি বই প্রকাশিত হতে চলেছে। সেই বইতে সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিং, মিছিলে যে বক্তব্য রেখেছেন তা থাকবে। এনআরসি নিয়ে তাঁর বক্তব্যের সংবাদপত্রে প্রকাশিত পেপার কাটিং নিয়ে তথ্যভিত্তিক সেই বই হবে বলে বইপাড়া সূত্রে জানা গিয়েছে।
এবছর ‘সবুজ বাংলা’, ‘নাগরিক’ ছাড়াও ‘লহ প্রণাম ছড়ায় ছড়ায়’, ‘কবিতাবিতান’ নামে বই বেরোচ্ছে। মুখ্যমন্ত্রীর সমস্ত কবিতা নিয়ে একটি কাব্যগ্রন্থ বেরোচ্ছে। একটি ছড়ার বই, উর্দু বইও প্রকাশিত হতে চলেছে। জানা গিয়েছে, গতবছর পর্যন্ত মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের সংখ্যা ছিল ৮৮টি। প্রকাশনা সংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, ‘ডেভেলপমেন্ট অফ বেঙ্গল’ নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বে ১০ বছরে বাংলার সামগ্রিক উন্নয়ন নিয়ে একটি বইও প্রকাশিত হতে পারে এবারের বইমেলায়।
দে’জ প্রকাশনা সংস্থার তরফে প্রকাশক শুভঙ্কর দে বলেন, নাগরিক নামে যে বইটি বেরোচ্ছে তাতে সিএএ, এনআরসি নিয়ে অনেকগুলি কবিতা আছে। ওই বইতে ৫০টির বেশি কবিতা রয়েছে। তাতে যুবকদের সম্বোধন করে কবিতা লেখা রয়েছে। আমরা ৫টা বই প্রকাশ করছি। আরেকটি বইয়ের বিষয়বস্তু এখনও হাতে এসে পৌঁছয়নি। দু-এক দিনের মধ্যে চলে আসবে। মুখ্যমন্ত্রীর যত কবিতা রয়েছে তার একটি সংকলন নিয়ে একটি বই বেরোচ্ছে। সবুজ বাংলা নামে একটি বই বেরোচ্ছে।
ইংরেজি প্রকাশনা সংস্থা বি বুকসের প্রকাশক এষা চট্টোপাধ্যায় বলেন, একটি বই প্রকাশের জন্য ‘ম্যাটার’ আসবে। তার বিষয় নিয়ে আমাকে যেটা বলেছেন তা হল, আমরা কেন সিএএ নিয়ে প্রতিরোধ করছি, কাগজ দেখাতে হবে বলা-এসব বিষয় নিয়ে বিস্তারিত গবেষণাধর্মী বই হবে সেটি। তবে বইটির বিষয়বস্তু লিখিত আকারে আমাদের হাতে এখনও এসে পৌঁছয়নি। কলেজ স্ট্রিটের একটি প্রকাশনা সংস্থার কর্ণধার জানালেন, বইমেলায় নতুন শতাব্দীতে শিশুদের জন্য মুখ্যমন্ত্রীর ভালবাসার উপহার একটি ছড়ার বইও প্রকাশিত হচ্ছে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck