প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে তালিকা থেকে যোগ্যদের বেছে ৩ সপ্তাহে রিপোর্ট দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

25th January 2020 পশ্চিমবঙ্গ
প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে তালিকা থেকে যোগ্যদের বেছে ৩ সপ্তাহে রিপোর্ট দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের


নয়াদিল্লি, ২৪ জানুয়ারি: প্রাথমিকে শিক্ষকতার ক্ষেত্রে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের মধ্যে কারা যোগ্য, ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে তার একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের সংগঠক শিক্ষকদের এক মামলায় আগামী তিন সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আবেদনকারীদের সঙ্গে নিয়েই ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে যৌথভাবে যাচাইয়ের কথা বলেছে শীর্ষ আদালত। তার জন্য দিনক্ষণও নির্দিষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি এস এ বোবডে, বিচারপতি এস আবদুল নজির, বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশ, আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১ টার সময় ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিসেস অথরিটির অফিসে ওই যাচাইয়ের কাজ করতে হবে। এরপর তিন সপ্তাহের মধ্যে তা সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ওই রিপোর্ট জমা পড়ার দু’সপ্তাহ পরে ফের শুনানি হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে আবেদনকারী ‘সংগঠক ও প্রাথমিক শিক্ষক একতা সংঘ’ অত্যন্ত খুশি। তাদের আশা, এবার সংগঠক শিক্ষকদের প্রাথমিকে শিক্ষকতার চাকরির ক্ষেত্রে সুযোগ সামনে আসবে।
পাঠশালা প্রথা উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গের গ্রামে অনেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পান। কিন্তু অনেকেই চাকরি পাননি বলে অভিযোগ। তাঁদের বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে প্রশ্ন ওঠে। তারাই আদালতের দ্বারস্থ হয়েছেন। বেশ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছে। পশ্চিমবঙ্গ সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে যোগ্যদের তালিকা তৈরিতে অহেতুক বিলম্ব করা হয়েছে বলে আবেদনকারীদের অভিযোগ। তাই ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে তালিকা তৈরি করে আদালতে জমা দিতে বলা হয়েছিল। তবে ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিসেস অথরিটি সুপ্রিম কোর্টে প্রায় পাঁচ হাজার নামের তালিকা দিলেও তার মধ্যে কারা যোগ্য, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তাই তালিকার মধ্যে থেকে বেছে যোগ্য প্রার্থীদের নিয়ে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck