News: করোনায় স্কুল বন্ধ থাকায় ছেলেমেয়েদের পড়াতে শিক্ষকেরা বাড়ি বাড়ি ঘুরছেন না। তাঁরা ঘরে ঘরে যেতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সম্প্রতি এ ভাবেই মুখ্যমন্ত্রীর প্রকল্পের প্রচারে নেমেছে।
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক অশোক রুদ্র জানান, রাজ্য জুড়ে তাঁদের সংগঠনের ৬০ হাজার শিক্ষক-শিক্ষিকা এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর ৬৪টি প্রকল্পের কী কী সুবিধা সাধারণ মানুষ পেতে পারেন, জেলার প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তা বুঝিয়ে দিচ্ছেন তাঁরা। “কোন প্রকল্পের সুবিধা কারা পেতে পারেন, কী ভাবে আবেদন করতে হবে, কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং এর জন্য যে কোনও টাকা লাগে না— এই সবই ঘরে ঘরে গিয়ে বোঝাচ্ছেন প্রাথমিক শিক্ষকেরা,” বলেন অশোকবাবু। তিনি জানান, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী যেমন আছে, রয়েছে বিভিন্ন গোষ্ঠীর নানা প্রকল্প, বিধবা ভাতা, শ্রমিকদের পেনশন প্রকল্প, আদিবাসীদের জন্য নানান প্রকল্পও। রাজ্যে ১২ হাজার শিক্ষকদল গড়া হয়েছে। প্রতিটি দলে আছেন পাঁচ জন শিক্ষক। আছেন ১২ হাজার প্রাথমিক শিক্ষিকাও। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর প্রকল্প প্রচারে নেমেছেন ৬০ হাজার শিক্ষক।
শিক্ষক সংগঠন এ ভাবে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে নামায় বিরোধী দলগুলি সমালোচনায় মুখর হয়েছে। প্রশ্ন উঠছে, করোনার দৌরাত্ম্যের মধ্যে শিক্ষকদের এ ভাবে বাড়ি বাড়ি ঘোরা কতটা যুক্তিসঙ্গত?