তরুন নেতাদের উপরেই ভরসা রাখছেন সূর্যকান্ত মিশ্র

5th January 2021 11:01 am পশ্চিমবঙ্গ
তরুন নেতাদের উপরেই ভরসা রাখছেন সূর্যকান্ত মিশ্র


কলকাতা: এবার বিধানসভা নির্বাচনে তরুণ প্রার্থী করার উপর জোর দিচ্ছে সিপিএম। সম্ভাব্য প্রার্থীদের বয়স ৪০-এর মধ্যে থাকাই বাঞ্ছনীয় বলে জানাল নেতৃত্ব। রবিবার থেকে শুরু হওয়া দলের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকেই এনিয়ে আলোচনা হয়। তাতে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জেলার নেতাদের স্পষ্ট বলেন, স্বচ্ছ ভাবমূর্তির তরুণ প্রার্থী খোঁজার উপরই গুরুত্ব দিতে হবে। তাঁদের বয়স হবে ৪০-এর মধ্যে। 
নেতৃত্ব মনে করছে, এই ফর্মুলা কার্যকর করতে হলে অনেক বর্তমান বিধায়কই টিকিট পাবেন না। এমনকী, পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও বাদ যেতে পারেন। তবে নেতৃত্ব সিংহভাগ প্রার্থীর ক্ষেত্রে এই ভাবনা কার্যকর করতে চাইলেও কিছু ব্যতিক্রম রাখবে অভিজ্ঞতার কথা ভেবে। সেই নিরিখে সুজনবাবুদের মতো কয়েকজনের এবারেও ভোটে লড়ার ছাড়পত্র মিলবে বলে তাঁরা নিশ্চিত। প্রার্থীর পাশাপাশি ভোটের আগে গণআন্দোলনের তীব্রতা বাড়াতে দলের তরুণ ব্রিগেডের উপরই বেশি ভরসা করছেন সূর্যকান্তবাবুরা। সোমবার জবাবি ভাষণে তিনি সেকথা সাফ জানিয়েছেন। দলের কাজে তরুণদের আরও বেশি করে যুক্ত করতে হবে, তাতে আন্দোলনের গতি ও মাত্রার দু’টোই ধারালো হবে বলে তিনি মনে করেন। তাই কৃষক আন্দোলনের সমর্থনে আগামী দিনে যেসব কর্মসূচি হবে তাতে ছাত্র-যুবদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। ১১ ফেব্রুয়ারি ১২টি বাম ছাত্র-যুব সংগঠন যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাতে দল পূর্ণ সহযোগিতা করবে বলে তিনি উৎসাহও জুগিয়েছেন রাজ্য কমিটির তরুণ নেতাদের। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck