নেতাজি সুভাষচন্দ্রের ১২৫তম জন্মদিবসে কলকাতায় মোদী

23rd January 2021 11:15 am পশ্চিমবঙ্গ
নেতাজি সুভাষচন্দ্রের ১২৫তম জন্মদিবসে কলকাতায় মোদী


 

: News; আজ, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের ১২৫তম জন্মদিবস। দেশজুড়ে এই উপলক্ষে বছরভর অনুষ্ঠান। কিন্তু সেই সব ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ‘পরাক্রম’ বনাম ‘দেশনায়ক’ বিতর্ক। দিনটিকে ‘দেশপ্রেম’ দিবস হিসেবে ঘোষণা করা দূরঅস্ত, ২৩ জানুয়ারি তারিখটিকে জাতীয় ছুটি ঘোষণার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের দাবি পর্যন্ত অবজ্ঞা করেছে কেন্দ্রীয় সরকার। নানাবিধ কর্মসূচি ঘোষণার পাশাপাশি জানিয়েছে, নেতাজি সুভাষের জন্মদিন ‘পরাক্রম’ দিবস হিসেবেই পালিত হবে। আর তাতেই শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আজকের দিনটি ‘দেশনায়ক’ দিবস হিসেবেই বাংলায় পালিত হবে। অন্যদিকে রাজ্যের দুই বিরোধী শিবির বাম ও কংগ্রেস অবশ্য ‘দেশপ্রেম’ দিবস বলেই পালন করবে। ফলে বিধানসভা ভোটের প্রাক্কালে আজ যুযুধান রাজনৈতিক শিবিরের মধ্যে ‘দিবস’ তরজা দেখবে রাজ্য তথা গোটা দেশ।
নেতাজির ১২৫তম জন্মবর্ষ পালনের জন্য মোদির নেতৃত্বে জাম্বো কমিটি তৈরি করেছে কেন্দ্র। উদযাপনের অঙ্গ হিসেবেই আজ শনিবার দুপুরে শহরে আসছেন প্রধানমন্ত্রী। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে নেতাজির কর্মকাণ্ড নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি বুদ্ধিজীবী ও কলাকুশলীদের সঙ্গে মিলিত হবেন তিনি। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ‘নির্ভীক সুভাষ’ শীর্ষক নেতাজির জীবনী সংক্রান্ত একটি সংগ্রহশালার উদ্বোধন। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পাশাপাশি মোদি সেখানে সূচনা করবেন একটি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের। প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, এলগিন রোডের নেতাজি ভবনেও যেতে পারেন মোদি। গোটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে হাজির থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকারের। ভিক্টোরিয়া থেকে রাতেই মোদির দিল্লি ফেরার কথা। কিন্তু এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কি নেতাজিকে নিয়ে নতুন কিছু ঘোষণা করবেন? সে নিয়েও চলছে জল্পনা।
মুখ্যমন্ত্রীও নামছেন মেগা পদযাত্রায়। সুভাষের জন্মক্ষণ বেলা সওয়া ১২টায় তিনি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করে এই পদযাত্রা শুরু করবেন। তার আগে বেজে উঠবে সাইরেন। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে নিজের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কয়েক হাজার মানুষের এই বর্ণাঢ্য পদযাত্রা নিয়ে মমতা পৌঁছবেন রেড রোড। সেখানেও সুভাষের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন তিনি। পরে দেশনায়ক দিবস পালনের জন্য রানি রাসমনি অ্যাভিনিউয়ে করবেন সমাবেশ। এজন্য শুক্রবার রাতের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। দুই শাসক শিবিরের সঙ্গে পাল্লা দিয়ে নেতাজির জন্মদিনে আসরে নামছে বাম ও কংগ্রেসও। তাদের তরফে এর মূল উদ্যোক্তা অবশ্য ফরওয়ার্ড ব্লক নিয়ন্ত্রিত নেতাজি জন্মজয়ন্তী কমিটি। সকাল দশটায় নেতাজির স্মৃতি বিজড়িত মহাজাতি সদন থেকে পদযাত্রা শুরু করবে তারা। 





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck