News: পশ্চিম মেদিনীপুরে দুয়ারে রেশন প্রকল্পের প্রস্তুতি খতিয়ে দেখলেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। শুক্রবার তিনি জেলাশাসক রশ্মি কমল, জেলা খাদ্য নিয়ামক অরবিন্দ সরকার সহ প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও রেশন ডিলারদের সঙ্গে বৈঠক করেন। জেলায় দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিলাররা তাঁদের সমস্যার কথাও তুলে ধরেন। খাদ্য নিয়ামক বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে জেলার ১৭৫টি রেশন দোকানকে বেছে নিয়ে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু হচ্ছে। ১৫দিন চলবে। এক আধিকারিক বলেন, অক্টোবর মাসে দোকানের সংখ্যা আরও বাড়বে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজিত মাইতি বলেন, মন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন এই প্রকল্প বাস্তবায়িত করতেই হবে। প্রতিটি বাড়িতে রেশন পৌঁছে দিতে হবে। কোথাও কোনও সমস্যা আছে কি না তাও তিনি খোঁজ নেন। এই জেলায় কোথাও কোনও অসুবিধা নেই। মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে জেলায় বাস্তবায়িত করা হবে।
ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক ফজলু আলম বলেন, আমরা মন্ত্রীকে কিছু সমস্যার কথা জানিয়েছি। আমরা মন্ত্রীকে জানিয়েছি, মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পকে বাস্তবায়িত করতে আমরা সবরকম চেষ্টা করব। রাস্তা খারাপ থাকায় ও সার্ভারের সমস্যা থাকায় কিছু এলাকায় অসুবিধা হবে।