করোনা: ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল

14th March 2020 খেলা
করোনা: ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল


দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫ ছাড়িয়েছে। তার জেরে সংশয় তৈরি হয়েছিল আইপিএল নিয়ে। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ১৫ এপ্রিল পর্যন্ত পিছোচ্ছে আইপিএল। শুক্রবার বোর্ড সচিবের স্বাক্ষর করা প্রেস বিবৃতিতে আইপিএল পিছিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। গতকাল জাতীয় ক্রীড়া সংস্থাগুলিকে দর্শকশূন্য মাঠে খেলা আয়োজনের নির্দেশ দিয়েছিল ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। পাশাপাশি সুপারিশ করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা সব বিধি মেনে চলতে। ইতিমধ্যে সেই নির্দেশ মেনে আইএসএল ফাইনাল দর্শকশূন্য মাঠে করার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। এরপরই চাপ বেড়েছিল বিসিসিআইয়ের উপর। ফলে শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগেই তড়িঘড়ি এই হাইভোল্টেজ টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড।
ক্রীড়ামন্ত্রক সব জাতীয় ফেডারেশনের সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছেও আবেদন জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে চলতে। ক্রীড়া মন্ত্রকের সচিব রাধেশ্যাম জুলানিয়া বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘আমরা সব জাতীয় ফেডারেশন এবং বিসিসিআইকে বলেছি, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে।’ ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও ট্যুইটার পেজে লিখেছেন, ‘করোনা ভাইরাস নিয়ে অ্যাথলিটদের মধ্যে নানা রকম সংশয় তৈরি হয়েছে। তাঁদের জন্য ক্রীড়ামন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। খেলাধূলায় বাধা নেই। কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ম্যাচগুলি আয়োজন করতে হবে।’
দর্শকশূন্য মাঠে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টির আসর বসালে বিপুল আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ট্যুরিস্ট ভিসা প্রদানের উপর বিদেশ মন্ত্রক ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ জারি করায় টুর্নামেন্টের প্রথমদিকে পাওয়া যাবে না বিদেশি তারকাদের। সেক্ষত্রে আকর্ষণ হারাবে টুর্নামেন্ট। তাছাড়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই জড়িত রয়েছে একাধিক স্পনসর। দর্শকঠাসা গ্যালারিতে খেলা হলে যেমন দলগুলোর লাভ, তেমনই উপকৃত হয় স্পনসররাও। ফাঁকা স্টেডিয়ামে খেলা হলে স্পনসরদের আগ্রহ কমতে বাধ্য। আইপিএল মানে শুধুই ম্যাচ নয়, দর্শকদের বিনোদন মঞ্চও। মাঠে যদি ক্রিকেটপ্রেমীদের জমায়েতই না ঘটে, তাহলে যাবতীয় আয়োজনই অর্থহীন হয়ে দাঁড়াবে। এর পাশাপাশি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এদিন স্পষ্ট জানান, আপাতত রাজধানীতে আইপিএলের মতো কোনও খেলা অনুষ্ঠিত করা যাবে না। ইতিমধ্যে মহারাষ্ট্রেও আইপিএলের টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। কর্ণাটকও আইপিএল অনুষ্ঠিত করতে নিমরাজি। এই পরিস্থিতিতে ঘরেবাইরে প্রবল চাপের মুখে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া ছাড়া অন্য কোনও পথ পায়নি বোর্ড।





Others News

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে

খেলরত্ন পুরস্কার এ বার ধ্যানচাঁদের নামে


News: খেলরত্ন পুরস্কার থেকে সরছে রাজীব গান্ধী(Rajiv Gandhi)-র নাম। দেশবাসীর অনুরোধেই “খেল রত্ন” পুরস্কার (Khel Ratna Award) এ বার থেকে মেজর ধ্যাণচাঁদ(Major Dhyan Chand)-র নামে দেওয়া হবে। এ দিন টুইটারে এ কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

এ দিন সকালেই প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “দেশের জনগণের কাছ থেকে ক্রমাগত অনুরোধ পাচ্ছিলাম যে খেল রত্ন পুরস্কারের নাম যেন মেজর ধ্যানচাঁদের নামে করা হয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মতামত প্রকাশ করার জন্য। মেজর ধ্যানচাঁদ ভারতের বিখ্যাত খেলোয়াড় ছিলেন, যিনি দেশের জন্য গর্ব ও সম্মান এনে দিয়েছিলেন। ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান তাই ওনার নামেই করা হচ্ছে।”


blanck