দলের পুরনো-নিষ্ক্রিয় কর্মীদের ঘরমুখী করতে নতুন করে ‘স্বীকৃতি’ দিল তৃণমূল

16th March 2020 পশ্চিমবঙ্গ
দলের পুরনো-নিষ্ক্রিয় কর্মীদের ঘরমুখী করতে নতুন করে ‘স্বীকৃতি’ দিল তৃণমূল


বেহালা অঞ্চলের দুই কামরার দপ্তর। তৃণমূলের পার্টি অফিস। সেখানে চেয়ার টেবিল থেকে এলইডি টিভি সেট সবই মজুত। কিন্তু রাজ্যে ক্ষমতায় আসার আগে যেসব কর্মী তিলে তিলে সংগঠন গড়ছেন, তাঁরা আর দলের ওই ঝাঁ চকচকে পার্টি অফিসমুখো হন না। সাগর থেকে পাহাড়— কমবেশি এই চিত্র সর্বত্র। কেউ বয়সের ভারে কেউবা নব্য নেতৃত্বের অবজ্ঞা-অপমান সহ্য করতে না পেরে অভিমানে বসে গিয়েছেন। দলীয় বৃত্ত থেকে সরে যাওয়া ওইসব সাবেক তৃণমূল কর্মীকে মূলস্রোতে ফিরিয়ে আনার নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। রবিবার পুরনোদের সেই স্বীকৃতি সম্মেলন হল গোটা রাজ্যের সবকটি বিধানসভায়। দলের লক্ষ্যমাত্রা ১০ হাজার থাকলেও ২৯৪টি বিধানসভায় এই কর্মসূচিতে পঞ্চাশ হাজারেরও বেশি পুরনো কর্মীকে ডেকে সম্মান জানাল সংশ্লিষ্ট কেন্দ্রের তৃণমূল নেতৃত্ব। দলের মূলস্রোতে ফিরে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী কর্মকাণ্ডে শামিল হওয়ার শপথ নিলেন তাঁরা।
রাজ্যে পালাবদল ইস্তক বেড়েছে তৃণমূলের সংগঠন। নবাগতদের ভিড় এবং কার্যক্ষেত্রে গুরুত্ব দুটোই বেড়েছে। দলের সূচনাতেই মমতা ঘোষণা করেছিলেন নেতা নয়, তৃণমূল স্তরের কর্মীরাই তাঁর সম্পদ। ঘটনাচক্রে সেই প্রথম দিনের অনেক কর্মী ক্রমে সরে গিয়েছেন অথবা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, এদিন তাঁর বেহালা পশ্চিম কেন্দ্রের অন্তর্গত স্বীকৃতি সম্মেলনে শ’দুয়েক পুরানো কর্মী যোগ দিয়েছিলেন। তিনি বলেন, গোটা রাজ্য থেকেই এদিন এই কর্মসূচি পালনে বিপুল সাড়া মিলেছে। কর্মীদের সঙ্গে আলাপচারিতায় অনেক মান-অভিমান বেরিয়ে এসেছে। পার্থবাবুর মতে, তাঁর সঙ্গে কারও মনোমালিন্য থাকতে পারে। কিন্তু সবাই মনেপ্রাণে দলনেত্রীর অনুসারী। নিজেদের মধ্যে যেসব ভুল বোঝাবুঝি ছিল, তা এদিনের পর থেকে কেটে যাবে। সেই লক্ষ্যেই এই কর্মসূচি রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে পালন করা হয়েছে।
তৃণমূলের জনসংযোগ বাড়াতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পেশাদার সংস্থা আইপ্যাক গত জুলাইতে ‘দিদিকে বলো’ চালু করেছিল। চলতি মাসের দুই তারিখে শুরু করে ‘বাংলার গর্ব মমতা’। মোট ৭৫ দিনের ঠাসা কর্মসূচির প্রথম পর্যায়ের তৃতীয় ধাপ ছিল স্বীকৃতি সম্মেলন। মমতার নির্দেশ ছিল, বসে যাওয়া কর্মীদের ফিরিয়ে আনতে হবে। সেই লক্ষ্যে এর আগেও একাধিকবার দলের পক্ষ থেকে লিখিত নির্দেশ জারির পরেও কাজ হয়নি। এবার আইপ্যাকের তরফে সমীক্ষা চালিয়ে বিধানসভা কেন্দ্রভিত্তিক তৃণমূলের পুরনো এবং নিষ্ক্রিয় কর্মীদের তালিকা তৈরি হয়। সেই তালিকা ধরে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের প্রত্যেককে দলের প্রতীক সংবলিত উত্তরীয় ও মানপত্র দেওয়া হয়েছে। বিধায়কের সঙ্গে তাঁরা খাওয়াদাওয়া সেরেছেন।
তৃণমূল মহাসচিব বলেন, শুধু আনুষ্ঠানিক সম্মানজ্ঞাপনে আটকে থাকলেই হবে না। যেসব কর্মীরা কর্মঠ রয়েছেন, তাঁদের বুথ কমিটিতে রাখতে হবে, কাজে লাগাতে হবে। রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ১৯৯৮ সালে যখন তিনি ঘাসফুল প্রতীকে প্রথম বিধানসভার প্রার্থী হিসেবে রাসবিহারীতে লড়াই করে বিধায়ক হয়েছিলেন, তখন একটি ওয়ার্ডের যিনি প্রেসিডেন্ট ছিলেন, এদিন তাঁকে ফের পাশে পেয়ে দুজনেই আপ্লুত। এই কর্মী এখন অভাব-অনটনে রয়েছেন। এই কর্মসূচি না থাকলে তাঁর কথা জানতেই পারতাম না। শোভনদেব বলেন, বয়সের কারণে অনেকেই অশক্ত। তাঁদের বলা হয়েছে, তরুণ প্রজন্মের কর্মীদের পাশে ওইসব সাবেক দিনের কর্মীরা এসে দাঁড়ালে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ তৈরি হবে।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck