করোনা আতঙ্কে যাত্রাপাড়া, ৩১ মার্চ পর্যন্ত সব শো বাতিল

21st March 2020 পশ্চিমবঙ্গ
করোনা আতঙ্কে যাত্রাপাড়া, ৩১ মার্চ পর্যন্ত সব শো বাতিল


কলকাতা: ‘করোনা’ আতঙ্ক গ্রাস করেছে চিৎপুর যাত্রাপাড়াকেও। এর জেরে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন অপেরার সব শো বাতিল করা হয়েছে। কলকাতা যাত্রা কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক হারাধন রায় শুক্রবার বলেন, ইতিমধ্যেই বিষয়টি রাজ্য যাত্রা অ্যাকাডেমির তরফে চিঠি দিয়ে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এরপরই চিৎপুরের সমস্ত অপেরার যাবতীয় শো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রাপাড়া সূত্রের খবর, ময়না, এগরা, কাঁথি, বেলদা, নন্দকুমার, কামারপুকুর, চাকদহ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বর্ধমান, দুর্গাপুরে যে সব ছোটখাট যাত্রা দলগুলি আছে, তারাও যাত্রা মঞ্চস্থ করা থেকে বিরত থাকছে। এদিন চিৎপুরের যাত্রাপাড়ায় গিয়ে দেখা গেল, চারদিকে কেমন যেন একটা নিঝুম পরিবেশ। যাত্রা অপেরার অফিসগুলি ফাঁকা। অন্য সময় সেখানে জেলার বিভিন্ন সংস্থার লোকজন আসেন যাত্রা বুকিং করতে। ফলে ওই চত্বর গম গম করে সারাদিন। যাত্রা কর্মীদের একাংশের বক্তব্য, এভাবে বেশিদিন চললে এই লোকশিল্পের পরিণতি যে কী হবে, তা ভেবেই আমরা শিহরিত হচ্ছি। রাজ্য যাত্রা সম্মেলনের সভাপতি সমীর সেন বলেন, যাত্রার সব থেকে ভালো মরশুম হল চৈত্র বৈশাখ মাস। এই সময়েই এই ধরনের বিপর্যয় ঘটায় আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে গেল। এখন প্রায় প্রতিদিনই কোনও না কোনও অপেরার বুকিং রয়েছে। কিন্তু করোনার জেরে আমাদের অনেক বুকিং বাতিল করতে হয়েছে। চিৎপুরের বেশ কয়েকটি অপেরার কর্মকর্তারা বলেন, যে সব সংস্থা ইতিমধ্যে টাকা দিয়ে বুকিং করেছেন, আমরা তাদের জানিয়ে দিয়েছি, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী দিনে তাঁরা ফের সেখানে যাত্রা করবেন। ওই কর্মকর্তাদের কথায়, সরকারি নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে আমরা তো আর জেলায় গিয়ে যাত্রা করতে পারি না। সেই কারণেই আমাদের এই সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়ে দিয়েছি।





Others News

আবার আসছে ঝড় জাওয়াদ

আবার আসছে ঝড় জাওয়াদ


News: জাওয়াদ আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে  হয়েছে ৯৪ শতাংশ। 

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। 

ধেয়ে আসছে ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁরা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে কৃষকদেরও ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


blanck