ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আতঙ্কে কাঁপছে গোটা দেশ। সময়ের সঙ্গে সঙ্গে প্রকট হচ্ছে করোনা বিপর্যয়ের ছবিটা। করোনার বলি এখনও পর্যন্ত ৮। আক্রান্তের সংখ্যা ৩৩০ ছাড়িয়েছে।
রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭। লন্ডনফেরত তরুণ আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। রবিবার তাঁর বাবা-মা এবং বাড়ির পরিচারিকার শরীরেও মিলল করোনার জীবাণু। তাঁদের রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল। কিন্তু শনিবার বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয় তাঁদের। ফের তাঁদের লালার নমুনা পরীক্ষা করা হয়। তারপরই বাবা-মা এবং পরিচারিকার শরীরে মেলে ভাইরাস।
১৩ তারিখ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা আসেন এই তরুণ। দিল্লিতে দেড় ঘণ্টা ছিলেন তিনি। এরপর আসেন কলকাতায়। ১৬ তারিখ থেকে শুরু হয় সর্দি কাশি, ১৭-য় ভর্তি করা হয় হাসপাতালে। পরে পরীক্ষা করে জানা যায় তাঁর রিপোর্ট পজিটিভ। তাঁর বাবা মা, ভাই, দাদু, ঠাকুমাকেও কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বালিগঞ্জের আবাসনেও নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর। আজ জানা গেল, ওই তরুণের বাবা, মা করোনা পজিটিভ। এমনকি মারণ ভাইরাস থাবা বসিয়েছে পরিচারিকার শরীরেও।